ছয় কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় সেনারা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ান, কুপওয়ারা ও বুদগাম এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় কাশ্মীরি বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। তারা নিহতদের জঙ্গি দলের সদস্য বলে দাবি করেছে। এদের মধ্যে দুজন জইশ-ই-মোহাম্মদের সদস্য।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বুদগামের পারিগামে অভিযানে নামেন সেনা সদস্যরা। তাদের কাছে খবর আসে- ওই গ্রামে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। এর পর সিআরপিএফ-সেনার যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।
সেনাদের দাবি, অভিযান চলাকালে জঙ্গিরা একটি বাড়ির ভেতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে পাল্টা জবাব দেন সেনা সদস্যরা। এ সময় দু পক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়। এতে পাঁচ ভারতীয় জওয়ান আহত হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থল থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেলসহ প্রচুর অস্ত্র উদ্ধার করারও দাবি করেছে তারা।সেনাবাহিনী অরো দাবি করছে, নিহত দুই জঙ্গি জইশ গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে একজন বিদেশি।
এর আগে বৃহস্পতিবার শোপিয়ানের ইয়রান জঙ্গলে গুলি করে দুই বিদ্রোহীকে হত্যা করেছিল ভারতীয় সেনারা । ওই দিনই কুপওয়ারায় আরও একটি অভিযানে দুজনকে হত্যা করে সেনাবাহিনী। এসব নিহত কাশ্মীরিদের জঙ্গি দলের সদস্য বলে দাবি করেছে ভারত।