
দেশবাংলা ডেস্ক :
একটা টি ব্যাগের দাম কত হতে পারে? ভিন্ন ব্যান্ডের হলেও তাদের দামের পার্থক্য খুব বেশি নয়। কিন্তু জানেন কি ব্রিটিশ চা কোম্পানি পিজি টিপস-এর তৈরি একটি টি-ব্যাগের দাম কত? ১৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ১২ লক্ষ টাকার সমান! এটিই বিশ্বের সবচেয়ে দামি টি-ব্যাগ।
কিন্তু একটি টি-ব্যাগের এত দাম হওয়ার কারণ কী? জানা গিয়েছে, পিজি টিপস-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ টি-ব্যাগ তৈরি করেছিল বডেল্স জুয়েলার্স।
টানা ৩ মাস ধরে একটি একটি করে মোট ২৮০টি হীরা দিয়ে তৈরি করা হয়েছিল এই বিশেষ টি-ব্যাগ। বিশ্বের সবচেয়ে দামি চা পানের জন্য নয় বরং এটি বিক্রি করা হয় ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপাতালের শিশুদের চিকিৎসার জন্য সাহায্যের উদ্দেশ্যে।

বিশ্বের সবচেয়ে দামি টি-ব্যাগ পিজি টিপস তৈরি করলেও প্রতিষ্ঠানের যে চায়ের প্যাকেট বিক্রি হয় তার হিসাবে একটি টি-ব্যাগের দাম ১২ টাকার একটু বেশি।
তবে বিশ্বের সবচেয়ে দামি চা তৈরি হয় চীনের ফুজিয়ান প্রদেশের দ্য হং পাও-এর কারখানায়।দ্য হং পাও-এর ১ কেজি চা পাতার দাম প্রায় ১৫,০০,০০০ ডলার অর্থাৎ ১২ কোটি টাকা।
এটি আসলে জৈব চা। ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বতমালায় দ্য হং পাও নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ঔষধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের জন্যই এই চায়ের এত দাম!
