
খালেদা জিয়াকে সরকার সরাসরি গলা টিপে হত্যা না করে বিনা চিকিৎসায় অন্ধকার কারাগারে আটকিয়ে রেখে তিলে তিলে হত্যা করার চেষ্টা করছে। বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এখন বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তিনি একটি অস্বাস্থ্যকর ও পরিত্যক্ত কারাগারের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বেগম জিয়াকে সরকার সরাসরি গলা টিপে হত্যা না করে এভাবে বিনা চিকিৎসায় অন্ধকার কারাগারে আটকিয়ে রেখে তিলে তিলে হত্যা করার চেষ্টা করছে।
বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের চিন্তা-ভাবনা চলছে- স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, কেরানীগঞ্জ কারাগারের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। সেখানে গ্যাস-পানির এখনও তেমন কোন সুবন্দোবস্ত নেই। নির্মাণাধীন একটি কারাগারে বেগম খালেদা জিয়াকে স্থানান্তরের সরকারী চিন্তা-ভাবনা মনুষ্যত্বহীন কাজ। খালেদা জিয়ার জীবন নিয়ে এই ছিনিমিনি খেলায় জনগণ ক্ষোভে অগ্নিবর্ণ হয়ে উঠেছে। এই সীমাহীন অন্যায়ের জবাব জনগণ একদিন দেবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক অত্যাচার ও জ্বালা-যন্ত্রণা দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে, এক বছরের বেশী সময় কারাগারে আটকিয়ে রেখে কষ্ট দেয়ার পরেও কেন প্রতিহিংসা শেষ হচ্ছে না। এবার তাকে মুক্তি দিন।
