
দেশবাংলা ডেস্ক :
ছুটির দিনে হোক বা কাজের ফাঁকে বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেতে আমরা সবাই পছন্দ করি। কখনো একা কখনো পরিবার বা প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটাতে রেস্টুরেন্টে ভিড় জমাই আমরা। কিন্তু বড় রেস্টুরেন্টে খাবারের দাম? তা তো আকাশ ছোঁয়া। তবে শুনে অবাক হবেন এমন একটি রেস্টুরেন্ট আছে যেখানে খাবার একেবারেই ফ্রি।
দ্য পিপল অ্যান্ড কোং নামের এই রেস্টুরেন্টের বিশেষত্ব দ্রুত একে জনপ্রিয় করে তোলে। কী সেই বিশেষত্ব? এখানে যত খুশি খান, খাবারের দাম দিতে হবে না। কারণ, এখানে যে কোনো খাবার বা পানীয় সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন।
এটি মূলত একটি বার কাম রেস্টুরেন্ট। এখানে নানান মুখরোচক স্বাদের কন্টিনেন্টাল আর ইতালিয়ান খাবারের সঙ্গে সঙ্গে মকটেল, ককটেল পানের সুযোগও পাবেন ভোজন রসিকরা। আর মনোরঞ্জনের জন্য রয়েছে নানা ধরনের বিনোদন মূলক লাইভ অনুষ্ঠানও।
তবে হ্যাঁ, এখানে বসে কাটানো সময়ের দাম দিতে হবে আপনাকে। অর্থাৎ খাবার বা পানীয় সম্পূর্ণ ফ্রি হলেও সময়ের দাম অবশ্যই দিতে হবে আপনাকে।
এখানে প্রতি মিনিট সময় কাটানোর জন্য আপনাকে দিতে হবে ১৫ টাকা করে। অর্থাৎ, ১ ঘণ্টা সময় কাটানোর জন্য আপনার খরচ হবে ৯০০ টাকা। তবে অনলাইনে বা ফোন করে বাড়িতে খাবার আনাতে চাইলে তখন খাবারের দামই দিতে হবে। অদ্ভুত নিয়মের এই রেস্টুরেন্টটি ভারতের গুরুগ্রামের সাইবার সিটিতে অবস্থিত।
