সুপ্রভাত বাসের সেই চালক ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রকে চাপা দেওয়ায় সুপ্রভাত পরিবহনের চালক সিরাজুলের (২৫) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।এর আগে, আবরার নিহতের ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) রাতে তার চাচা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলা নং ৩। এছাড়া দুর্ঘটনার পরপরই আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করে গুলশান থানা পুলিশ।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে নানা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ চলে।