
রাজধানীতে সুপ্রভাত পরিবহনের যে বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র নিহত হয়েছে, নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনাজনিত কারণে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর ৪৩ ধারা মোতাবেক ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নং বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হলো।’বিআরটিএর এই সিদ্ধান্তের ফলে সুপ্রভাত পরিবহনের বাসটি আর সড়কে চলতে পারবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর জন্য ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নং বাসটির বেপরোয়া গতিকেই দায়ী করেছে বিআরটিএ।এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বাসটিকে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, আমরাও তার সঙ্গে একমত। ওই বাসের মালিক পক্ষকে ডেকে এনে আমরা ইতোমধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছি।’মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর প্রগতি সরণীতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় মারা যান বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। তিনি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে প্রগতি সরণিতে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বিকালে তাদের সঙ্গে সংহতি জানান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও। তার আগে দুপুরে সেখানে সুপ্রভাত পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সকালে শিক্ষার্থীদের সড়ক থেকে তুলতে গিয়েও ব্যর্থ হন।সবশেষ সন্ধ্যায় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল বুধবার আবার সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে যান তারা।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আবরারকে চাপা দেওয়া বাসের চালককে ১০ দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল করতে হবে, সিটিং সার্ভিস বন্ধ করতে হবে, বাস স্টপেজের ব্যবস্থা করতে হবে, চালকদের ছবি ও লাইসেন্স গাড়িতে ঝোলানোর ব্যবস্থা করতে হবে, প্রতিটি জেব্রা ক্রসিংয়ে সিসি ক্যামেরা রাখতে হবে এবং ট্রাফিক পুলিশের ‘দুর্নীতি’ বন্ধ করতে হবে।
