ক্রাইস্টচার্চে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৩

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে বন্দুকধারীর হামলায় নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ ও তার স্ত্রী। নিহত আরেকজন হলেন- গৃহবধূ হোসনে আরা ফরিদ। নিহত ড. সামাদ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।শফিকুর রহমান ভুইয়া আরো জানান, মসজিদে হামলার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এছাড়া গোলাগুলির ঘটনার পর থেকে তিন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৪৮ জন। দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, আল নুর মসজিদেই নিহত হয়েছে ৪১ জন। আর বাকিরা লিনউডের আরেকটি মসজিদে নিহত হয়েছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছিলেন শুক্রবার চালানো এই হামলায় ৪০ জন নিহত হয়েছে।ভয়াবহ হামলার ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই হামলার পর নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যেকার তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়।বাংলাদেশের অনারারি কনসাল জানান, ‘আমরা যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের দেশের পাঠানোর ব্যবস্থা করছি।শুক্রবার দুপুরে সিলেটের শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সরাসরি কোনো তথ্য পাওয়া যাচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের কোনো মিশন নেই। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশি দূতাবাসের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত এক নারী ও তিন পুরুষসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ।নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলও বর্তমানে হামলাস্থল ক্রাইস্টচার্চ শহরে রয়েছে। দুপুরে হ্যাগলি ওভাল মাঠে অনুশীলন শেষে তাদের আল নুর মসজিদেই নামাজ আদায় করতে যাওয়ার কথা ছিল।