উখিয়ায় বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত

কক্সবাজারের উখিয়ায় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপকূলীয় এলাকা রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের ছেলে মোস্তাক ও মোক্তার।পুলিশের দাবি, নিহত দুই সহোদর শীর্ষ ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে উখিয়ার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, রাত ৩ টার দিকে ইয়াবা পচারের টাকার ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই সহোদর মোস্তাক ও মোক্তার নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে নয় হাজার ৬শ পিস ইয়াবা, দুটি এলজি, চারটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে বলেও জানান তিনি।