
অসাধু ব্যবসায়ীরা ব্যাংকের টাকা নিয়ে ভুল জায়গায় ব্যবহার করছেন। তারা টাকা ফেরত দিচ্ছেন না। আর এসব ব্যবসায়ীদের যারা সহায়তা করছে সেই কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন,সহায়তাকারী এসব ব্যাংক কর্মকর্তাদের খুঁজে বের করা হচ্ছে। তাদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে। সবাইকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।ব্যাংকের অসৎ কর্মকর্তাদের বের করা কঠিন হবে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনও অদক্ষ ও অসৎ কর্মকর্তার জায়গা হবে না। সবাই ভালো কাজ করলেও এর মধ্যে একজন অসৎ থাকলে সব অর্জন ম্লান হয়ে যায়।দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের শপথ প্রসঙ্গে তিনি বলেন,আমি আরও একদিন আসবো। সেই দিন সব ব্যাংক কর্মকর্তাকে শপথ পড়াবো। নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেবো না। যারা শপথ পড়তে পারবেন না তারা শপথ অনুষ্ঠানে আসবেন না।অটোমেশন পদ্ধতি বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাংকগুলোকে অটোমেশন করতে হবে। প্রতিদিন বিশ্বজুড়ে ২ লাখ ৭৩ হাজার কোটি মানুষ ই-মেইল চালাচালি করে এবং নেট ব্রাউজ করে ৪ হাজার ২০০ কোটি মানুষ।আমার কাছে অনেক লোক অনেক তদবির নিয়ে এসেছেন, আমি সেই তদবির শুনিনি। আমি বলেছি এসব তদবিরে কাজ হবে না। যোগ্য লোকদের ব্যাংকে পাঠানো হবে।
