নির্বাচিতরা নিয়ম অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচনের কর্মপ্রয়াসের প্রতি অশ্রদ্ধা জানানোর এখতিয়ার উপাচার্যের নেই। নির্বাচিতদের দায়িত্বগ্রহণ নিয়ম অনুযায়ী যথারীতি গৃহীত হবে।বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাবির প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আন্তরিকতায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। তাদের সবার কর্মপ্রয়াস, অক্লান্ত পরিশ্রমের প্রতি অশ্রদ্ধা জানানোর এখতিয়ার উপাচার্যের নেই।পাঁচ প্যানেলের আন্দোলন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল, শৃঙ্খলাপূর্ণ, ভালো একটি সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনোক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। সবাইকে সে বিষয়ে যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করেছি। অপরাধমূলক কোনো কাজ সংঘটিত হলে সেসবের বিরুদ্ধে আইনানুগ কঠিন ব্যবস্থা নেয়া হবে।এর আগে উপাচার্যের কার্যালয়ের সামনে পুনঃনির্বাচনের দাবিতে পাঁচ প্যানেলের প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে তারা উপাচার্যের সঙ্গে দেখা করে চার দফা দাবিতে স্মারকলিপি দেন। পরে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেন।