
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বেদখল হওয়া খালসহ বিভিন্ন জলাধার পুনরুদ্ধারে দায়ীদের প্রথমে ভালোবেসে আহ্বান জানানো হবে। আর তাতে কাজ না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (১২ মার্চ) ডিএনসিসি এলাকার বিভিন্ন খাল পরিস্থিতির সরেজমিন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। গত রোববার (১০ মার্চ) দায়িত্ব নেওয়ার পর মেয়র হিসেবে মাঠ পর্যায়ে প্রথম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন,আজ আমাদের এলাকার উত্তরার শায়েস্তা খান এভিনিউ, আশকোনা সড়ক, বনানীর মেট্রোরেল প্রকল্প এবং বাড্ডার সুতি খাল পরিদর্শন করি আমি। পরিদর্শনে দেখেছি খাল দখলের কারণে মানুষের কি দূর্বিষহ ভোগান্তি হচ্ছে। খালসহ যতোধরনের জলাধার-জলাশয় আমাদের আছে সেগুলো দখল বা ভরাটের জন্য যারাই দায়ী, আমি তাদেরকে ভালোবেসে আন্তরিকভাবে প্রথমে বলবো, তারা যেন দখল ছেড়ে দেন।শুরুতে উত্তরার শায়েস্তা খান এভিনিউয়ের একটি খাল পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ের পরিদর্শন শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। এসময় সেখানে ডিএনসিসি, ওয়াসা, পিডিবি, রেলওয়েসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খাল সম্পর্কে বিস্তারিত জানতে চান। ওয়াসার এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে মেয়র প্রশ্ন করেন, ‘খাল উদ্ধার করতে পারবেন আপনারা?’ কর্মকর্তা বলেন, ‘পারবো’। মেয়র প্রশ্ন করেন, ‘এজন্য কী আমাকে তাঁবু গেঁড়ে বসতে হবে?’। কর্মকর্তা বলেন, ‘না স্যার। দ্রুত খাল উদ্ধার হবে’। পাল্টা প্রশ্নে মেয়র বলেন, ‘কবে উদ্ধার হবে? আমাকে নির্দিষ্ট সময় বলেন। আমি টাইমলাইনে বিশ্বাসী’। তখন ঐ কর্মকর্তা বলেন, ‘এপ্রিলের মধ্যেই খাল উদ্ধার হবে’। আমি চাই বর্ষার আগে যত দ্রুত সম্ভব খালগুলো উদ্ধার করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেবো। আজকে যেসব জায়গায় বলে এসেছি তারা দখল সরিয়ে না নিলে আগামী রোববার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে।
