
শুরু হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। এবার প্রথম ধাপে ৭৮টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু বিকাল ৪টা পর্যন্ত।নির্বাচন উপলক্ষে আজ সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান,শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন থেকে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।এই নির্বাচনে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না।উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৭ উপজেলার তফসিল ঘোষণা করে ইসি।পরবর্তীতে আদালত ও নির্বাচন কমিশন কর্তৃক ৬টি উপজেলার নির্বাচন স্থগিত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩টি উপজেলায় সকল পদে নির্বাচিত হওয়ায় ৭৮ উপজেলায় ভোট হবে প্রথম ধাপে।আদালতের নির্দেশে বন্ধ হওয়া উপজেলাগুলো হলো রাজশাহী বিভাগের পবা,কুড়িগ্রামের ফুলবাড়ি এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা এবং নাটোরের সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান এই তিন পদে জয়লাভ করেন বিধায় এখানেও ভোট হবে না।ন্যায়সংগত,নিরপেক্ষ ও আইন অনুযায়ী নির্বাচন করা সম্ভব নয় বলে নেত্রকোনার পূর্বধলা,লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে ইসি।তা ছাড়া নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়েছে।তবে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে এই উপজেলায় ভোট হবে।যে ৭৮ উপজেলায় ভোট হবে সেগুলো হলো- রংপুর বিভাগের পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা; নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা এবং লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলা।ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং নেত্রকোনা সদর, বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা ও মদন উপজেলা।সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা এবং হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর ও তাড়াশ উপজেলা; জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা।নির্বাচনে ২৪ জন রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।এর মধ্যে জ্যেষ্ঠ/জেলা নির্বাচন কর্মকর্তা ১২ জন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ১২ জন।সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৯৪ জন দায়িত্ব পালন করবেন।এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪৬ জন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ৪৮ জন।প্রথম ধাপে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ২৮ প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।৭৮ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। মোট ভোটকেন্দ্র পাঁচ হাজার ৮৪৭টি। প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান ২০৭ জন, ভাই চেয়ারম্যান ৩৮৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান ২৪৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭৩ জন পদে প্রতি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
