বিদ্যুতের দাম সমন্বয় করা হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অন্য উন্নয়নশীল দেশগুলোর চেয়ে বাংলাদেশে জ্বালানি উৎপাদন খরচ কম। আমরা বিদ্যুতের দাম সমন্বয় করবো,তবে এক লাফে অনেক বৃদ্ধি করবো না।বাংলাদেশে বাজারভিত্তিক মূল্য নির্ধারণ সম্ভব নয়। কারণ আমাদের বাজার এখনও স্মার্ট নয়। সরকারকেই মূল্য নির্ধারণ করে দিতে হবে।রবিবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি খাতে উদ্ভাবনী বিনিয়োগ খোঁজা হচ্ছে।বাংলাদেশে সৌদি আরবের আরামকো ও চীন সরকার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন প্রকল্পের অর্থ জোগাড় করতে সরকার ২০০ কোটি ডলারের এনার্জি বন্ড ছাড়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।আমরা বিদ্যুতের খরচ অনেক কমিয়ে আনতে পেরেছি। বিএনপি-জামায়াত সরকারের আমলে ৪৪ শতাংশ পর্যন্ত সিস্টেম লস ছিল। এখন চট্টগ্রামে সিস্টেম লস সাত শতাংশে নামিয়ে আনতে পেরেছি।