বুড়িগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ ৬

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা ডুবে এক পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতুর রহমান বলেন,১০টার দিকে দিকে পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠে আসলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।আমাদের দুটি ইউনিট কাজ করছে।নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক বলেন,শাহজালাল নামে এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট আসছিলেন।১৩ নম্বর পন্টুন বরাবর নদীতে নৌকাটি এলে সুরভী লঞ্চ যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।নিখোঁজরা হলেন শাহজালালের স্ত্রী সাহিদা, দুই সন্তান মীম (৮) ও মাহি (৬), শাহজালালের ভাগ্নী মানজিদা ও মানজিদার শিশু সন্তান (নাম জানা যায়নি) এবং আরেকজন যাত্রী।শাহজালালকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিটফোর্ড এবং পরে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে পাঠানো হয়।
বাকি ছয়জনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজ্জাক।