ডিআরইউর উদ্বেগ চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায়

দেশবাংলা ডেস্ক :

চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এ উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে চ্যানেল নাইন কর্তৃপক্ষকে এ ধরনের হঠকারী পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, দেশের গণমাধ্যম বিকাশ সরকারের ইতিবাচক উদ্যোগের সুযোগ নিয়ে, শুধু ব্যবসায়িক স্বার্থ হাসিল রীতিমতো অন্যায় ও অমানবিক। সাংবাদিক ও কর্মচারীদের ত্যাগ-তিতীক্ষার প্রতি সম্মান রেখে মানবিক হওয়া দরকার। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার চ্যানেল নাইন কর্তৃপক্ষকেই বহন করতে হবে।চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৮ মার্চ থেকে চ্যানেল নাইনে খবর সম্প্রচারসহ বার্তা বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। বার্তা বিভাগে কর্মরত সব সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দানের নোটিশ প্রদান করা হলো, যা আজ হতে ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।চ্যানেলটি এখন থেকে শুধু খেলাধুলা ও বিনোদন-সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করবে।