
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।সিটি নির্বাচন প্রসঙ্গে কমিশনার মাহবুব তালুকদার বলেন, রাজনৈতিক পরিচয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়।তিনি আরো বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট দিতে যেতে উৎসাহ দেখা যায় না।ঢাকার দুই সিটি করপোরেশনের এ নির্বাচনকে অপূর্ণাঙ্গ আখ্যায়িত করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তাই আমি এই নির্বাচনকে অপূর্ণাঙ্গ বলছি।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মগবাজারস্থ ইস্পাহানি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়রের পোলিং এজেন্ট ছাড়া আর কারো পোলিং এজেন্ট সেখানে ছিল না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত একই ভবনে অবস্থিত ৫টি কেন্দ্রের ১৫টি বুথে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। ওই ৫ কেন্দ্রে ভোটার রয়েছে ৯ হাজার ৪১৩ জন।
