
ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে বৈঠক শুরু হয়েছে। দু দিনের আলোচনার শেষ দিনে তারা কয়েক দফা বৈঠক করবেন। বৈঠক শেষে বিকেলে দুই নেতা একটি যৌথ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবেন বলেও জানা গেছে।বিবিসি জানিয়েছে, গত বছর সিঙ্গাপুরে এ দু নেতার প্রথম ঐতিহাসিক বৈঠকের পর থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে অল্পই অগ্রগতি হয়েছে, তাই এবারের বৈঠকে দৃঢ় কোনো পদক্ষেপের বিষয়ে দুই নেতার মধ্যে কোনো সমঝোতা হয় কি না তা দেখার অপেক্ষায় আছে পুরো বিশ্ব।বৈঠক শুরুর আগে কিমকে পাশে নিয়ে ট্রাম্প বলেছেন, ‘কোনো তাড়াহুড়া নেই। আমরা সঠিক চুক্তিটাই করতে চাইছি।’




