
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম থেকে দুবাইগামী ছিনতাইচেষ্টার সেই প্লেনটির পাইলট ও ক্রুরা।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তারা গণভবনে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী পাইলট-ক্রুদের ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য অভিনন্দন জানান।সাক্ষাৎ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন।কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া প্লেন ছিনতাইচেষ্টার ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই প্লেনটির পাইলট গোলাম শফী ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। সরকারপ্রধান তা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।পাইলটের সঙ্গে এসময় ছিলেন ফ্লাইটটির ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাঁচ কেবিন ক্রু। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী প্লেনটি উড্ডয়নকালে এটিকে ছিনতাইয়ের চেষ্টা করে একজন দুষ্কৃতকারী।তবে পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
