দু পক্ষের পাল্টাপাল্টি হামলায় কাশ্মীরে নিহত ৪

ভারতের বিমান হামলার পর মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে পাল্টপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এই হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে চারজন নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তান সেনাদের হামলায় পাঁচ ভারতীয় সেনা আহত হওয়ারও খবর মিলেছে।বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কোনো রকম উত্তেজনা ছাড়াই আজাদ কাশ্মীরের কোটলি, ভিম্বার ও পুঞ্চ জেলায় ব্যাপক গোলাবর্ষণ করে ভারতীয় সেনারা। এই হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোটলি এলাকা।এদিকে পত্রিকা ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ করে মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে জম্মুর নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায়। পাল্টা হামলা চালায় ভারতীয় সেনারাও। দুই পক্ষের গুলি বিনিময়ে পাঁচ ভারতীয় সেনা আহত হয়েছে।