
রোববার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি বলেন,নেতৃত্ব বিকাশের আদর্শ স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়।তাই শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি জাগিয়ে তুলতে হবে।ছাত্র রাজনীতি হবে আদর্শভিত্তিক। দল বা ব্যক্তি নির্ভরশীলতা পরিহার করে শিক্ষার্থীদের স্বতন্ত্র ও আদর্শিক রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে হবে।তাহলে দেশে গড়ে ওঠবে ত্যাগী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্ব। তাছাড়াও অসামাজিক কর্মকাণ্ডসহ চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ও জঙ্গি কার্যক্রমে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে নিজেদেরকে সম্পৃক্ত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।বর্তমান সরকার ইতোমধ্যে ডেল্টা প্লান-২১০০ গ্রহণ করেছে।
ডেল্টা প্ল্যানের আওতায় উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থাপনা, সমুদ্রসম্পদ আহরণ ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কথা বলেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ১০টি স্বর্ণপদক প্রদান করা হয়।সমাবর্তনে স্নাতক পর্যায়ের ৬ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকোত্তর ৪ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সর্বাধিক ২২৬৩ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ডিগ্রি, ৪৪৫ জনকে স্নাতকোত্তর ও ২১৮ জনকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়।এর আগে রাষ্ট্রপতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন।পরে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
