
আজ মঙ্গলবার শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা পৌনে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়।শেষ হয় দুপুর ১২টা সাত মিনিটের দিকে।এই মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে মুসল্লিদের ঢল নামে।মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা শামীম আহমদ।এর আগে সকালে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ।বাংলায় তরজমা করেছেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম।আখেরি মোনাজাতের আগের দিন গতকাল সোমবারও বিশ্ব ইজতেমায় যোগ দিতে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত ছিল।শীত উপেক্ষা করে বাস, ট্রাক, ট্রেন, নৌকা-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার মুসল্লি টঙ্গীতে জমায়েত হন।আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত ছিল।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হয়।
