বসুন্ধরা ছুঁতে পারলো না শীর্ষে থাকা আবাহনীকে

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলে বসুন্ধরা।একের পর এক আক্রমণে গেলেও গোল পায়নি তারা।৩১ মিনিটে কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দেশোবিকভের ফ্রি কিক ক্রসবারের উপর দিয়ে যায়।বিজেএমসি গোলরক্ষক আবুল কাশেম মিলন ৪ মিনিট পর তাদের আরও একটি সুযোগ নষ্ট করেন।শেষ ৪৫ মিনিটেও বসুন্ধরা ব্যর্থ ছিল গোলমুখের সামনে।গোলপোস্টের নিচে তাদের সামনে অপ্রতিরোধ্য ছিলেন মিলন।৫৬ মিনিটে কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের ফ্রি কিক শেষ মুহূর্তে ফিরিয়ে দেন বিজেএমসি গোলরক্ষক।৬২ ও ৬৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসকে দুইবার রুখে দেন তিনি।নাসিরউদ্দিনকে ৬৭ মিনিটে হতাশায় ভাসিয়ে গোললাইন থেকে তার শট ফিরিয়ে দেন বিজেএমসির ডিফেন্ডার।আক্রমণে গিয়েও গোল করতে না পারার আক্ষেপ না কাটতেই বড় ধাক্কা খায় বসুন্ধরা।৭৭ মিনিটে ডিবক্সে ঢোকার আগে অধিনায়ক স্যামসন ইলিয়াসুকে ফেলে দেন নাসিরউদ্দিন।রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান বসুন্ধরা ডিফেন্ডারকে।রক্ষণের এই দুর্বলতার সুযোগ শেষ ১৩ মিনিটে কাজে লাগাতে পারেনি বিজেএমসি।গোলশূন্য ড্রয়ের পর মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা।রেফারি জালাল উদ্দিনের ওপর চড়াও হয় বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও কোচরা।মাঠের বাইরে হলুদ কার্ড দেখেন তাদের মিডফিল্ডার দেশোবিকভ।আর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন রেফারির দিকে তেড়ে যাওয়ার আগেই তাকে আটকান কোচিং স্টাফের অন্যরা।