গরুর ঘাস নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

বুধবার বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।সংঘর্ষ চালাকালীন বাজারের দোকান পাঠ বন্ধ হয়ে যায়।ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান।আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।পুলিশ জানায়,বুধবার দুপুরে বিশনন্দী গ্রামের হাজী খোকনের জমি থেকে গরুর জন্য ঘাস তুলে নেয় দড়ি বিশনন্দী গ্রামের শাহনারা নামের এক নারী।এ নিয়ে খোকনের ছেলে শিকু সরকারের সঙ্গে বিশনন্দী গ্রামের শাহানারার ছেলে ওমর সানি ও মেয়ে তানিয়ার তর্কবিতর্ক হয়।পরে শিকুর ভাই রিফাত ও শিকু গিয়ে ওমর সানী ও তানিয়ার বাড়িতে গিয়ে তাদের মারধর করে।পরবর্তীতে এ খবর বিশনন্দী গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন একত্রিত হয়ে বিশনন্দী গ্রামের খোকনের বাড়িতে আক্রমণ করে।এতে উভয় পক্ষের লোকজন দা,ছুরি,টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।বিকেল ৩টায় শুরু হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।থেমে থেমে চলে উভয়ের মধ্যে সংঘর্ষ।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।