
সরকারি আইন ভঙ্গ করে বাংলা চলচ্চিত্র দেবী’র প্রদর্শনী বন্ধের দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো।
রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এইড ফাউন্ডেশন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এসিডি, নাটাব ও ঢাকা আহসানিয়া মিশনসহ কয়েকটি তামাক বিরোধী সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।অধিক হারে ধূমপানের দৃশ্য ব্যবহারের কারণে সরকারি অনুদানপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র দেবী দেশের তামাক বিরোধী জনস্বাস্থ্য উন্নয়ন কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে।প্রচলিত আইন অনুযায়ী ধূমপানের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ হলেও সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রে কারণে-অকারণে বারবার আনা হয়েছে ধূমপানের দৃশ্য।তাছাড়া দেবীতে সরাসরি জাপান টোবাকো ইন্টারন্যাশনালের উইনস্টন ব্র্যান্ডের সিগারেটের ব্যবহার দেখানো হয়েছে,যা চলচ্চিত্রটিকে তামাকের বিজ্ঞাপনে পরিণত করেছে।
