
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডের ৬৮ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।ঢাকা উত্তর সিটির ২০টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ১ জন এবং ঢাকা দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে ২৬ জন ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করবেন।আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলামসহ মোট ৬ জন।যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির প্রার্থী সঙ্গীতশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হলেও পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান।তবে এ নির্বাচন থেকে ববি হাজ্জাজ তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।এর ফলে আতিকুল ইসলামকে অপর চার প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে লড়তে হচ্ছে।ওই চার প্রার্থী হলেন—জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান,প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম।
