তামিমের ব্যাটিংয়ের ঝড়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

বিপিএলের ইতিহাসে প্রথম ফাইনাল খেলেই বাজিমাত করলেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।এভিন লুইস,রুশো, ভিলিয়ার্সরা বিপিএলে চলতি আসরে সেঞ্চুরি করেছেন।ফাইনালেই দেখা মিললো টর্নেডো তামিমের।তার বিধ্বংসী ব্যাটেই ঢাকাকে ২০০ রানের বড় টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রানেই থেমে গেল ঢাকা। কুমিল্লা জিতলো ১৭ রানে।প্রথমবারের মত বিপিএলের শিরোপা পেল তামিম।আর কুমিল্লা পেল বিপিএলের দ্বিতীয় শিরোপা।
বিপিএল ফাইনালে খেলার অভিজ্ঞতা তামিমের এই প্রথম।নতুন অভিজ্ঞতা নতুন স্মৃতি দিয়ে স্মরণ করে রাখলেন তামিম ইকবাল। খেললেন ৬১ বলে ১৪১ রানের দুর্দান্ত এক ইনিংস।হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। শুরুতেই রুবেলের আগুনঝড়া বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ফর্মে থাকা এভিন লুইস। বিদায়ের আগে ৭ বলে এক বাউন্ডারিতে ৬ রান করেন তিনি।এরপর জুটি গড়েন তামিম-বিজয়।১২তম ওভারে সাকিবের বলে এলবি ফাঁদে পড়ে বিদায় নেন তিন নম্বরে নামা এনামুল হক বিজয়।এর আগে তামিমের সঙ্গে ৬১ বলে ৮৯ রানের জুটি গড়েন।বিজয় ৩০ বলে দুই বাউন্ডারিতে করেন ২৪ রান। কোনো রান না করেই রানআউট হন শামসুর রহমান শুভ। দলীয় ৯৯ রানে তিন উইকেট হারায় কুমিল্লা।মিরপুরে শুরু হল তামিম ঝড়। একের পর এক চার-ছক্কায় সাকিবদের তুলোধুনা করছিল তামিম।মাত্র ৩১ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনার। এরপর আরো রূদ্রমূর্তি ধারণ করেন। হয়ে ওঠেন আরো বিধ্বংসী। পরের পঞ্চাশ করেন মাত্র ১৯ বলে। সব মিলিয়ে মাত্র ৫০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি তুলে নিয়েও থামেননি, টর্নেডো চলেছেই। তার সাইক্লোনে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে কুমিল্লা। তামিম নিজের প্রথম ফাইনাল খেলতে নেমে সেঞ্চুরি হাঁকান। ৬১ বলে ১০টি চার আর ১১টি বিশাল ছক্কায় করেন অপরাজিত ১৪১ রান। ইমরুল ২০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।