
অমর একুশে বইমেলায় যারা ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক নিষিদ্ধ বই বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।বৃহস্পতিবার বাংলা একাডেমিতে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।কেউ যাতে এ ধরনের বই বিক্রি করতে না পারে সেজন্য নজরদারি হিসেবে বাংলা একাডেমি সার্ভিলেন্স টিম মাঠে থাকবে।এ ছাড়াও পুলিশও নজরদারি করবে।এ ধরনের বই পেলে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এ ছাড়াও মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রবেশ এবং বের হওয়ার জন্য তিনটি প্রবেশ ও তিনটি বের হওয়ার গেট করা হবে।প্রতিটি গেটে আর্চওয়ে থাকবে।মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের দেহ তল্লাশি করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে।এ ছাড়াও মেলা প্রাঙ্গণের বাইরে বাশের আউটার কর্ডন করা হবে যাতে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।মেলায় পকেটমার, ছিনতাইকারী রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের সদস্যরা কাজ করবে মেলা প্রাঙ্গণে থাকবে পুলিশের ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা।যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত বাহিনী-সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট।১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে।
