
ভাষার মাস ফেব্রুয়ারি।এ মাসের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালায় মাসব্যাপী থাকছে চ্যানেল আইয়ের পর্দায়।এ ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।বইমেলা সরাসরি অনুষ্ঠানটি এরই মধ্যে ১৩ বছরে পদার্পণ করছে।বইমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আই-এর সঙ্গে গত ৯ বছর যাবত যুক্ত রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরিতে থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনাথীদের সাক্ষাৎকারসহ বইমেলার নানান খুঁটিনাটি।এ উপলক্ষ বুধবার ৩০ জানুয়ারি চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানাদিক তুলে ধরেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বইমেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নানান স্মৃতিকথা শোনান বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুলাহ সিরাজী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান এবং কবি আসাদ চৌধুরী। এবারের একুশে বইমেলার প্রস্তুতি নিয়ে হাবীবুলাহ সিরাজী বলেন, মেলার পরিসর বৃদ্ধিসহ বাহিরের বেশকিছু দৃশ্যে দর্শনার্থীরা পরিবর্তন দেখতে পাবেন। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলায় গ্রহণযোগ্য নয় এমন বই প্রকাশ না করার আহবান জানান তিনি।বইমেলার সাথে আইএফআইসি ব্যাংক লিমিটেডের সম্পৃক্ততা নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার বলেন, চ্যানেল আই-এর ‘বইমেলা সরাসরি’র সাথে আইএফআইসি ব্যাংক যুক্ত রয়েছে গত ৯ বছর যাবত। বইয়ের সাথে আমাদের ভালোবাসা এবং দায়বদ্ধতা থেকে আইএফআইসি ব্যাংক’র এই সম্পৃক্ততা। উপস্থিত অতিথিরা বলেন, চ্যানেল আই জ্ঞানচর্চার ক্ষেত্রে আলোর দিশারী। বইমেলা নিয়ে এ উদ্যোগ তারই একটি প্রতিফলন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে শিশুসাহিত্যিক আলী ইমাম বলেন, চ্যানেল আই-এর কর্ণধার ফরিদুর রেজা সাগর একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। তাদের গোড়াটাই সাহিত্যনির্ভর। বইমেলার সাথে তাদের সম্পৃক্ততা থাকতেই হবে। মেলার প্রযোজক আমীরুল ইসলাম জানান, অন্যবারের চেয়ে এবারের বইমেলা সরাসরি সম্প্রচারে আনা হয়েছে নতুনত্ব। টেলিভিশনের পর্দায় বইমেলা উপস্থাপনা করবেন আলী ইমাম, ইমদাদুল হক মিলন, লুৎফর রহমান রিটন এবং আহমদ মাযহার। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান জানান, প্রতিবারের মতো প্রতিদিন প্রকাশিত হবে আনন্দ আলো বইমেলা প্রতিদিন, যা মেলায় আগত দর্শক, লেখক, সাহিত্যিক ও দর্শনাথীদের বিনামূল্যে বিতরণ করা হবে।বুলেটিনের প্রথম সংখ্যাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার আশা করেন প্রকাশক। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত প্রতিদিন বিকেল ৫.৩০ মিনিটে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
