
মোবাইল ফোনের ডেটা প্যাকেজের মেয়াদ এখন থেকে তিন দিনের কম হবে না।বিভিন্ন প্যাকেজ বা অফার গ্রাহকবান্ধব করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন।কোনো প্যাকেজ বা ডেটার মেয়াদ শেষ হবার পর সেটিতে পে অ্যাজ ইউ গোর মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ পাঁচ টাকার ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।আর সেটি শেষ হয়ে গেলে কোনো প্যাকেজ কেনা ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।এর বাইরে অফার বা প্যাকেজের অটো-রিনিউয়াল সুবিধা রাখা হয়েছে।কোনো একটি অফারের মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই তা নবায়ন হয়ে যাবে। এক্ষেত্রে ব্যালেন্স থাকতে হবে এবং গ্রাহক যদি সেটি বন্ধ করে না দেন। আর যদি গ্রাহক এটি বন্ধ করে দেন তবে সে ক্ষেত্রে তিনি পে অ্যাজ ইউ গো সুবিধায় পাঁচ টাকা পর্যন্ত তা ব্যবহার করতে পারবেন।
