
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠকে কমিটির সদস্য,মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব,সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বের ছয়টি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি-ডিসেম্বরে নেগোশিয়েশনের পরিমাণ এবং জানুয়ারি-জুন প্রান্তিকের প্রিমিয়াম ও মূল্যের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট ১৪ লাখ ২০ হাজার টন জ্বালানি তেল আমদানি হবে। ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৭৭২ কোটি ৮৭ লাখ টাকা।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, কুয়েত ও ফিলিপাইন থেকে এ তেল আমদানি করা হবে। এর মধ্যে গ্যাস অয়েল ১১ লাখ ৯০ হাজার টন, জেড এ-১ এক লাখ টন, মোটর গ্যাস ৩০ হাজার টন, ফার্নেস অয়েল এক লাখ টন থাকবে।
এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৯৬ লাখ টাকা। চট্টগ্রাম জেলার অনোয়ারায় গ্যাস/আরএলএনজি ভিত্তিক ৫৯০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
