
আইএমইআই ডাটাবেজ উদ্বোধন করা হয়েছে।২২ জানুয়ারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর উদ্বোধন করেন।অবৈধ মোবাইল ফোন শনাক্ত বা নকল আইএমইআই নম্বর চিহ্নিত করবে আইএমইআই ডাটাবেজ। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) উদ্যোগে এই ডাটাবেজ নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন,বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসে এই মুহূর্তটা একটা মাইলফলক।এই ডাটাবেজ চালু হলে দেশে অবৈধ মোবাইল ফোনের প্রবেশ কমবে। ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে, মোবাইল ভিত্তিক অপরাধ কমবে, মোবাইল চুরি-ছিনতাই কমবে, অবৈধভাবে বিদেশে অর্থ পাচারও কমবে।
মোস্তাফা জব্বার জানান, দেশে এরই মধ্যে ব্যান্ডউইথের ব্যবহার ১ টেরাবাইট ছাড়িয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসসহ বিটিআরসির কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
