
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে নকল ও প্রশ্নফাঁসমুক্ত করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অভিভাবকদের বলেছেন,পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক পথের খোঁজে নামবেন না। আমরা চেষ্টা করব, কোনোভাবেই কোনো দুর্বৃত্ত যেন আমাদের সুন্দর প্রক্রিয়াকে নষ্ট না করে। কিন্তু প্রশ্নপত্র পাবার ব্যাপারে অভিভাবক ও পরীক্ষার্থীদের একাংশের যদি বিশাল আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে, তাহলে দুর্বৃত্তরা এ অপকর্ম করার চেষ্টা করবে না।মঙ্গলবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।এ পরীক্ষা আমাদের জন্যও একটা পরীক্ষা। আমরা এ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাই। আমরা চাই, পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফল করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ক্লাসে প্রথম-দ্বিতীয়-তৃতীয় হওয়া নিশ্চয় জরুরি, জিপিএ-৫ পাওয়া নিশ্চয় জরুরি। কিন্তু সেটি একমাত্র বিবেচনার বিষয় হতে পারে না। আমি ভালো মানুষ হলাম কি-না, আমার মধ্যে মানবিকতাবোধ, নৈতিকতাবোধ আছে কি-না, আমি একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠলাম কি-না, আমি সুস্থ, সুন্দর মন নিয়ে বড় হচ্ছি কি-না, সেটি খুব জরুরি।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, করিগরি ও মাদরাসা শিক্ষাবিভাগের সচিব মো. আলমগীর, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম।
জাতীয় স্কুল ও মাদরাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৫টি ইভেন্টে অ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাটমিন্টন, টেবিল টেনিস ইভেন্টে মোট ৮০৮ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। গত ২ জানুয়ারি সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে এ প্রতিযোগিতা শুরু হয়। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে ভলিবল, জিমনেসিয়ামে ব্যাডমিন্টন, সেন্ট প্লাসিডস হাই স্কুল মাঠে বাস্কেটবল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রিকেট ও দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জানুয়ারি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে।
