জমেছে বাণিজ্য মেলা

শুক্রবার ও শনিবারের ক্রেতা-দর্শনার্থীদের সেই ঢল সোমবার দেখা যায়নি, তবে এদিন বিভিন্ন স্টলে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অথচ গত শুক্রবারের আগ পর্যন্ত বা মেলার প্রথম ৯ দিন অনেক স্টলের বিক্রয়কর্মীদের অলস সময় পার করতে দেখা গেছে।মেলা প্রাঙ্গণ ঘুরে সব থেকে বেশি ভিড় দেখা গেছে মহিলা সামগ্রী ও শিশু খেলনার দোকানগুলোতে। ইলেকট্রনিক্স পণ্য, রান্নার সামগ্রী ও পোশাকের দোকানগুলোতেও চোখে পড়ার মতো ক্রেতা দর্শনার্থী দেখা মিলছে। তবে বিদেশি প্যাভিলিয়নগুলোর তুলনায় দেশি স্টল ও প্যাভিলিয়নগুলো বেশ জমজমাট দেখা যাচ্ছে।ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অংশগ্রহণকারী প্যাভিলিয়ন ও স্টলগুলোর বিক্রি। নারী সামগ্রী ও শিশু খেলার প্রতিষ্ঠানগুলোতে প্রায় সময় ভিড় লেগে থাকছে। একই দৃশ্য দেখা গেছে খাদ্য পণ্য ও গৃহস্থলী পণ্যের স্টলে। তবে মেয়েদের থ্রি-পিস’র স্টলগুলোতে এখন ক্রেতা-দর্শনার্থীদের তেমন ভিড় দেখা যয়নি।রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে মাসব্যাপী এবারের বাণিজ্য মেলা শুরু হয়েছে গত ৯ জানুয়ারি।মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ স্টলের সংখ্যা ৪১২টি।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। মেলার মাঠে প্রবেশ করতে প্রাপ্ত বয়স্কদের ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের ২০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।