রোববার থেকে শুরু জাতীয় স্কুল কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রোববার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৯। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে২১ জানুয়ারি পর্যন্ত।  আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয় পুরুষ জুনিয়র বিভাগে ১০টি ও মহিলা জুনিয়র বিভাগে ১০টিসহ মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া পুরুষ জুনিয়র পুমসে ও মহিলা জুনিয়র পুমসে ক্যাটাগোরিতে একক ও দ্বৈত প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ওজন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীদের মেডেল, সার্টিফিটেক দেওয়া হবে। টুর্নামেন্টের সেরা ১০জনকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
মহিলা জুনিয়র বিভাগের ১০টি ওজন শ্রেণি হল- অনূর্ধ্ব-২০ কেজি, অনূর্ধ্ব-২৫ কেজি, অনূর্ধ্ব-৩০ কেজি, অনূর্ধ্ব-৩৫ কেজি, অনূর্ধ্ব-৪০কেজি, অনূর্ধ্ব-৪৫ কেজি, অনূর্ধ্ব-৫০ কেজি, অনূর্ধ্ব-৫৫ কেজি ও অনূর্ধ্ব-৬০ কেজি। পুরুষ জুনিয়র বিভাগের ওজন শ্রেণিগুলো হল-অনূর্ধ্ব-২০ কেজি, অনূর্ধ্ব-২৫ কেজি, অনূর্ধ্ব-৩০ কেজি, অনূর্ধ্ব-৩৫ কেজি, অনূর্ধ্ব-৪০ কেজি, অনূর্ধ্ব-৪৫ কেজি, অনূর্ধ্ব-৫০ কেজি, অনূর্ধ্ব-৫৫ কেজি ও অনূর্ধ্ব-৬০ কেজি।
প্রতিযোগিতায় মোট ৫০০ জন প্রতিযোগী অংশ নিবেন। তার মধ্যে পুরুষ  খেলোয়াড় ৩৫০ জন। আর নারী খেলোয়াড় ১৫০ জন। যেসব জেলার স্কুল ও কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিবে সেগুলো হল- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, সিলেট, গাজীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার স্কুলসমূহ। তার মধ্যে উল্লেখযোগ্য হল- আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বিএএফ শাহীন কলেজ (তেজগাঁও), বিএএফ শাহীন কলেজ (কুর্মিটোলা), বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল (তেজগাঁও), মুসলিম মর্ডান একাডেমি, সোনাপল্লী উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যা নিকেতন, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ (মিরপুর, বারিধারা, মালিবাগ ও বনানী শাখা)।