
বাদ যোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আবু বকর চৌধুরীর মরদেহ দুপুর সোয়া দুইটায় অন্তিম শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়।জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মঙ্গলবার বিকেল ৩ টা ৩০ মিনিটে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।এরপর সেখানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন,বিক্রমপুর মুন্সিগঞ্জ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ ও প্রয়াতের সহকর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।আবু বকর চৌধুরী ১৫ জানুয়ারি ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।১৫ তারিখ ভোর রাতে নিজের বাসায় থাকাকালে হার্ট অ্যাটাক করেন আবু বকর চৌধুরী। এ সময় নিকটতম ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠে’ যোগদান করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি নির্বাহী সম্পাদক হন। পরবর্তীতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
