এখনও অপ্রস্তুত মেলার অনেক স্টল

গতকাল ২৪ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিন হলেও প্রায় ৪০ শতাংশ কাজ এখনও সম্পন্ন হয়নি।মেলার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সব দিকেই রয়েছে অসম্পূর্ণ স্টল। ভিআইপি গেট থেকে সার্ভিস গেট পর্যন্ত বিভিন্ন জায়গায় চলছে স্টল প্রস্তুতের কাজ। দর্শনার্থীদের কানে আসছে কাঠ, হাতুড়ি, পেরেকের ঠক ঠক আওয়াজ।কাজ শেষ না হওয়া এসব স্টলের মধ্যে বিদেশি প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি আছে দেশীয় প্রতিষ্ঠানও। দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিংহভাগই ছোট প্রতিষ্ঠান। বড় প্রতিষ্ঠান দুই-একটি অসম্পূর্ণ থাকলেও বেশির ভাগই মেলার প্রথম দিন থেকেই বিক্রির কার্যক্রম শুরু করে দিয়েছে।এবার বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, সোয়াজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং হংকং।এবারের মেলায় সবমিলিয়ে ৫৫০টি স্টল থাকার কথা রয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, বিদেশি প্রিমিয়ার স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি এবং ফুড স্টল ২২টি।ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে পশ্চিম দিকে একটু অগ্রসর হলেই চোখে পড়বে থাইল্যান্ড, চীন ও ভারতীয় পণ্যের একটি প্যাভিলিয়ন। সেখানে তিন দেশের পণ্য পাওয়া গেলেও এখনও স্টল গোছানোর কাজ শেষ হয়নি।