
চালের দাম স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চাল ব্যবসায়ীদের বেশিরভাগ উত্তরবঙ্গের। আমরা দুই মন্ত্রীও (বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী) উত্তরবঙ্গের। তাই আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের ইজ্জত রাখবেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) খাদ্য ভবনে চালকল মালিক এবং চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও উপস্থিত ছিলেন। সাধন মজুমদার বলেন, দেশে বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ১৩ লাখ ৬০ হাজার মেট্রিকটন খাদ্য মজুদ রয়েছে। কোনো ঘাটতি নেই। এরপরও কেন চালের দাম বাড়ছে আমরা তা জানি না। তিনি বলেন, চালের বেশিভাগ ব্যবসায়ী উত্তরবঙ্গের। আমরা দুই মন্ত্রীও (বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী) উত্তরবঙ্গের। তাই নর্থ বেঙ্গলের ব্যবসায়ীদের কাছে আমাদের দাবি আপনারা আমাদের ইজ্জত রাখবেন। খাদ্যমূল্য স্থিতিশীলতায় আপনারা আমাদের সহযোগিতা করবেন। এ সময় বিভিন্ন জেলার চাল ব্যবসায়ীরা চালের বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের সহযোগিতা করতে আশ্বাস দেন।
