বাণিজ্য মেলা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগী দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যে টিকে থাকতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ জন্য দক্ষতা অর্জনের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণেও মনোযোগী হতে হবে।বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাধারণ প্রতিবছর ১ জানুয়ারি থেকে শুরু হয়। তবে এবার ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের কারণে মেলা পিছিয়ে দেয়া হয়।ভারত, ভুটান, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, অস্ট্রেলিয়া, জার্মানি, হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালদ্বীপ, মরিশাস, রাশিয়া, ইরান ও ‍সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা মেলায় অংশ নিচ্ছে।
আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় ৬০টি প্রিমিয়াম প্যাভিলিয়ন, ৩৮টি প্রিমিয়াম মিনি প্যাভিলিয়ন, নারীদের জন্য ২০টি সংরক্ষিত প্যাভিলিয়ন, বিদেশিদের জন্য ২৬টি প্যাভিলিয়ন, ১৮টি সাধারণ প্যাভিলিয়ন এবং ২২টি খাবারের স্টলসহ মোট ৫৫০টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে।