বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন দেয় দীর্ঘ ৬ ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে সরে দাঁড়িয়েছে পোশাক শ্রমিকরা। সোমবার দুপুর আড়াইটায় তাদের সরিয়ে দেয় পুলিশ। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে হেঁটে তাদের কর্মস্থলে ফিরে যান। এর পরপরই সড়কের দুইপাশে যানচলাচল শুরু হয়।সোমবার সকাল থেকে ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে গাজীপুর, আবদুল্লাহপুর, উত্তরা ও বিমানবন্দর সড়ক অবরোধ করে আন্দোলন করে পোশাক শ্রমিকরা। আন্দোলনের সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিমানবন্দর সড়কে এনা পরিবহনের একটি বাসে আগুন দেয়।
ঘটনাস্থলে শ্রমিকদের উদ্দেশ্যে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন। যদি জ্বালাও-পোড়াও করেন তাহলে আমরা কোনো সহযোগিতা করব না। আমরা চাই আপনারা সরকারি কাঠামো অনুযায়ী বেতন পান। গতকাল আমরা সহ্য করেছি, আজ করছি। আর করবো না।’
তাদের আশ্বাসের পর পুলিশ পায়ে হেঁটে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা শান্তিপূর্ণভাবে সরে যায়।
