নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে: কাদের

নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে।
বুধবার (২ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি সেদিনই শুনেছি। যদিও ঘটনাটি আমার নির্বাচনী এলাকায় না, তবে নোয়াখালীতে। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয়। এ ঘটনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে। যারাই অপরাধী তারা কেউ পার পাবে না। আমি নেত্রীর মনোভাব জানি।
তিনি বলেন, এরই মধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। ডিআইজি স্পটে গেছেন। তাছাড়া ওই এলাকায় সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তারাও বিষয়টি দেখছেন। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে।