থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা সচল

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল অপারেটরগুলোকে থ্রিজি ও ফোরজি সেবা সচলের আদেশ দিয়েছে।
মঙ্গলবার এই আদেশের পর সকাল সাড়ে ১০টা থেকে সারা দেশের গ্রাহকরা এই সেবা পেতে শুরু করেছেন।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘থ্রিজি ও ফোরজি উভয় সেবা অ্যাক্টিভেট করা হয়েছে।’
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৭ ঘণ্টা বন্ধ রেখে মোবাইল ইন্টারনেট সেবা চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবারো তা বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিটিআরসি।
ভোটের আগের দিন শনিবার রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়ে ইন্টারনেট সেবা বন্ধ করেছিল বিটিআরসি।
শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল সংস্থাটি। পরে ওইদিনই রাত ১১টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেয়া হয়।
ফলে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা পায়নি গ্রাহকেরা। এতে সারা দেশের গ্রাহকেরা নানা ভোগান্তির শিকার হন।
রোববার ভোট শেষ হওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে মোবাইল ফোন অপারেটররা সব ধরনের মোবাইল ইন্টারনেট চালু করে। এরপর আবার রাত ৯টার দিকে ফের ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।
মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পেয়েছেন গ্রাহকেরা।