
সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া নিউজ ও গুজব যাচাইয়ের জন্য র্যাব সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার নামে একটি ফেসবুক পেজ খুলেছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
তিনি বলেন জনমনে কোনও নিউজ নিয়ে শঙ্কা তৈরি হলে সেটি আমাদের ফেসবুক পেজে দিলে, তাৎক্ষণিক ভাবে যাচাই করে সত্য সংবাদটি জানানো হবে। এর জন্য র্যাব কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করবেন
র্যাব মহাপরিচালক বলেন, সারাদেশে র্যাবের ৫৭টি ক্যাম্প করা হয়েছে। সেখানে থাকবে ১০ হাজার সদস্য। দেশের যে কোনও প্রান্তে যে কোনও ধরনের সহিংসতা বা অন্য জরুরি প্রয়োজনে যেতে র্যাবের ২ হেলিকপ্টার ব্যবহার করা হবে। এছাড়াও সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে। র্যাবের একটি স্পেশাল বাহিনী রয়েছে। প্রয়োজনে তারাও দেশের যে কোনও প্রান্তে ছুটে যাবে।
তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক কোনও বাহিনীর পরিচয় দাবি করে কেউ যদি কারও কাছ থেকে টাকা চায় তবে সঙ্গে সঙ্গে র্যাবকে জানাবেন। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে সারাদেশে র্যাব সদস্য মোতায়েন করা শুরু হয়েছে। তবে আগে থেকেই আমরা সারাদেশে র্যাবের কার্যক্রম শুরু করেছি। এছাড়া আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। কোথাও ধ্বংসাত্মক কোনও ঘটনা ঘটলে বা এ সংক্রান্ত কোনও তথ্য থাকলে অথবা এলাকায় অপরিচিত কাউকে দেখলে র্যাবকে জানাবেন।
র্যাব ডিজি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য র্যাব এক বছর ধরে কাজ করছে। এ কাজে ব্যাপক হুমকি ও চ্যালেঞ্জ ছিল। তবে এক বছরে অবৈধ অস্ত্র ও জঙ্গিবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছি তাদের গ্রেফতার করি। কালোটাকা বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করেছি।
নির্বাচনে হামলার হুমকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সব হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে চাই। যাতে করে কেউ আমাদের সারপ্রাইজ করতে না পারে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আতঙ্কিত না হয়ে আমাদের ওপর আস্থা রাখেন
