সেঞ্চুরিয়নে একদিনেই নেই ১৫ উইকেট

সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্টে চলছে পেসারদের দাপট। দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের প্রথম টেস্টের প্রথম দিনে ডুয়ান অলিভিয়েরের পেস আগুনের পর জ্বলে উঠেছেন মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদি। অলিভিয়েরের ৬ উইকেটে প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। স্বস্তি নেই ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারাও, ১২৭ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট।
সেঞ্চুরিয়নে প্রথম দিনে দুই দল মিলে হারিয়েছে ১৫ উইকেট। আর সব উইকেটই পেয়েছেন পেসাররা। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান মাত্র ১ রানে হারায় ইমাম-উল-হকের উইকেট। কাগিসো রাবাদার আঘাতে এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার ফখর জামান ও ওয়ান ডাউনে নামা শান মাসুদ প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ। ফখরকে ১২ রানে ফিরিয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি বোলারে পরিণত হন ডেল স্টেইন। প্রোটিয়া এই পেসারের শিকার এখন ৪২২ উইকেট।
এরপরই শুরু অলিভিয়েরের দাপট। এই পেসারের বলে দিশেহারা পাকিস্তান। শান মাসুদকে (১৯) দিয়ে উইকেট উৎসব শুরু করা অলিভিয়েরের আঘাতে মাত্র ৭ রানে ফিরেছেন আসাদ শফিক। প্রতিরোধ গড়া আজহার আলীকেও (৩৬) ফিরিয়েছেন তিনি। সরফরাজ আহমেদকে শূন্য রানে ফেরানোর পর মোহাম্মদ আমিরকে (১) আউট করে টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পূর্ণ করেন প্রোটিয়া পেসার।
ব্যাটিংয়ে পাকিস্তনের চরম পরীক্ষার দিনে একা হাতে লড়াই চালিয়ে গেছেন বাবর আজম। চমৎকার ব্যাটিংয়ে তিনি হাফসেঞ্চুরি পূরণ করে খেলেছেন ৭১ রানের কার্যকরী ইনিংস। তার ব্যাটেই মূলত ১৮১ পর্যন্ত যেতে পেরেছে সফরকারীদের সংগ্রহ। তাকে আউট করা অলিভিয়ের ৩৭ রান খরচায় পেয়েছেন ৬ উইকেট। ৩ উইকেট শিকার রাবাদার।
পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার পর স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। বল হাতে নিয়ে জ্বলে উঠেছেন পাকিস্তানি পেসাররাও। এইডেন মারক্রামকে ১২ রানে ফিরিয়ে সফরকারীদের প্রথম উইকেট এনে দেন হাসান আলী। মোহাম্মদ আমির বেশিদূর যেতে দেননি হাশিম আমলাকে (৮)। ডিন এলগার অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন, যদিও তাকে ২২ রানে থামান শাহীন। পরের বলেই অধিনায়ক ফাফ দু প্লেসিকে (০) আউট করে তরুণ এই পেসার আনন্দের ঢেউ তোলেন পাকিস্তান শিবিরে।
থিউনিস ডি ব্রুইন ও তেম্বা বাভুমা অবশ্য প্রতিরোধ গড়েছিলেন। তাদের জুটিতে স্বাগতিকদের স্বস্তি ফিরলেও শেষ বিকেলে আমিরের আঘাতে আবার উল্টে যায় দৃশ্যপট। বাহাতি পেসারের দ্বিতীয় শিকার হয়ে ডি ব্রুইন ফিরেছেন ২৯ রান করে। দিনের বাকি সময়টা ডেল স্টেনইকে (১৩*) সঙ্গে নিয়ে পার করে দিয়েছেন বাভুমা (৩৮*)।
মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদি দুজনই পেয়েছেন দুটি করে উইকেট। হাসান আলীর শিকার ১ উইকেট।