পরিবার নিয়ে ওমরাহ করতে গেলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই স্ত্রী, কন্যা এবং নিজের মাকে নিয়ে ওমরাহ করতে সৌদি আরব গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার
আজ বিকেল চারটায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে জেদ্দার উদ্দেশে বিমানে চড়ে বসেন সাকিব এবং তার পরিবার। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে এই সংবাদ।
চলতি বছর সৌদি সরকারের রাজকীয় অতিথি হজ্জ করেছিলেন সাকিব আল হাসান। হজ্জ থেকে ফিরে আসার পর আঙ্গুলের ইনজুরি নিয়ে খেলেছিলেন এশিয়া কাপ ক্রিকেট। যদিও সেই ইনজুরির কারণেই এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ না খেলে ফিরে আসতে হয়েছিল সাকিবকে।
সেই ইনজুরির কারণে বেশ কিছুদিন ভুগতে হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এ নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসকের শরনাপন্ন হতে হয়েছিল তাকে। এরপর দেশে ফিরে আসলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ পুরোটাই মিস করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফিরে এসেছেন আবার মাঠে।
সাকিবের নেতৃত্বেই টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও সাকিব হয়েছেন সিরিজ সেরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো ব্যাট এবং বল হাতে একাই তিনি হারিয়েছেন ক্যারিবীয়দের। ক্যারিয়ারে প্রথমবারেরমত তিনি নিয়েছেন ৫ উইকেট।
শনিবার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলার পরদিনই, অর্থ্যাৎ আজ বিকেলেই পবিত্র ওমরাহ পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। হজের সময় সৌদি সরকারের রাজকীয় অতিথি হয়ে সাকিব একাই হজ্জ করেছিলেন। এবার তিনি ওমরাহ করার জন্য সঙ্গে নিয়ে গেলেন নিজের স্ত্রী উম্মে আহমেদ শিশির, কন্যা আলাইনা হাসান এবং নিজের মাকে।
পবিত্র ওমরাহ পালন শেষে ২৯ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসবেন।