আম্পায়ারের সাথে তর্ক করায় সাকিবকে জরিমানা

টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টুয়েন্টি সিরিজে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সোমবার সিলেটে প্রথম টি-টুয়েন্টিতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেল সাকিব আল হাসানের দল। কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। সেই দুঃস্বপ্নের রেশ কাটতে না কাটতেই আরেকটি দুঃসংবাদ উড়ে এল বাংলাদেশ শিবিরে। টাইগার অধিনায়ক সাকিবকে জরিমানা করেছে আইসিসি।
প্রথম টি-টুয়েন্টি চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ‘দ্বিমত’ ও ‘তর্ক’ করার দায়ে সাকিবের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেই সাথে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের ১৪তম ওভারে। থমাস ওশানের করা ওই ওভারের শেষ বলটি পুল করতে ব্যর্থ হন সাকিব। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা হয়। লেগ স্টাম্পের বাইরে ছিল বলে সাকিব ভেবেছিলেন ওয়াইড কল দেওয়া হবে। কিন্তু আম্পায়ার সেটি দেননি। তাতে কিছুটা ক্ষুব্ধ হন বিশ্বসেরা এই অল রাউন্ডার। কিছুক্ষণ তর্কও করেন আম্পায়ারের সাথে।
এদিকে আম্পায়ারের যুক্তি ছিল বল সাকিবের জার্সি ছুঁয়ে গেছে। পরে টিভি রিপ্লাইতেও দেখা গেছে বল সাকিবের জার্সি ছুঁয়ে গেছে।
খেলা শেষে ম্যাচ অবশ্য ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাকিব নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কিন্তু আইসিসির লেভেল-১ আচরণবিধি ভাঙার দায়ে সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট জুটে গেছে সাকিবের ভাগ্যে।
চলতি বছর এ নিয়ে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষের সেই আগুনে ম্যাচে পেয়েছিলেন প্রথমটি।