
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরু থেকে শেষ পর্যন্তই হতাশায় মোড়ানো ছিল বাংলাদেশের ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারেনি স্বাগতিকরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯ ওভারে স্কোরকার্ডে ১২৯ রান যোগ করতেই গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল।
ব্যাটসম্যানরা ব্যাট হাতে কেবল উইকেটে গেছেন আর ফিরে এসেছেন। মাঝে ব্যতিক্রম ছিলেন কেবল অধিনায়ক সাকিব। ৪৩ বলে তার ৬১ রানে ভর করেই মূলত ১২৯ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তিনি পারলে দলের বাকি ব্যাটসম্যানরা কেন পারলেন না?
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দেননি সাকিব। বরং ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ তাদের কাছেই জিজ্ঞেস করতে বলেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিব বলেন, ‘টস ছাড়া বাকি সবকিছুই আজকে ভুলের খাতায় গেছে। ভালো ব্যাটিং করতে পারিনি, ভালো বোলিংও করতে পারিনি। উইকেট বেশ ভালোই ছিল। এখানে অন্তত ১৭৫ রান করা উচিত ছিল আমাদের। বাকি ব্যাটসম্যানদেরকে জিজ্ঞেস করুন কেন তারা ভালো ব্যাট করতে পারল না। সবার হয়ে তো আর আমি উত্তর দিতে পারব না।’
প্রস্তুতি ম্যাচ থেকে ওয়ানডে সিরিজ। সব মিলিয়ে ছয়টি ম্যাচে সর্বত্র ছিল বাংলাদেশের রাজত্ব। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও ছেড়ে কথা বলেননি মাশরাফি-সাকিব-তামিমরা। টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়দের। কিন্তু টি-টোয়েন্টিতে স্বাগতিকদের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ১৩০ রানের লক্ষ্য ৫৫ বল হাতে রেখে আট উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
এই ম্যাচের ভুলগুলো থেকে বাংলাদেশের শেখার আছে অনেককিছুই। এমনটা মনে করেন সাকিব নিজেও। তিনি বলেন, ‘যেটা বললাম, কিছুই আজ আমাদের পক্ষে যায়নি। যেটাই করতে চেয়েছি কাজে লাগেনি। এই ম্যাচ থেকে তাই অনেক কিছু শিখতে হবে।
