
দ্বিতীয় ওয়ানডেতে উপলক্ষের কমতি ছিল না। অনেক উপলক্ষের ম্যাচটি বাংলাদেশ হেরেছে চার উইকেটে। শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি হয়ে উঠলো আরও বিশেষ, আরও বেশি উপলক্ষের। তবে এবার আর হার নয়। ব্যাটে-বলে শাসন করে বাংলাদেশ তুলে নিলো দারুণ এক জয়। বিজয়ের মাসে সিলেটে উড়লো বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় নিশান। শেষ ওয়ানডেতে উইন্ডিজকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল মাশরাফি বিন মুর্তজার দল।
উপলক্ষ খুঁজলে কমতি থাকবে না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেকের দিন ছিল শুক্রবার। টি-টোয়েন্টি ও টেস্ট অনুষ্ঠিত হলেও এটা ছিল সিলেট স্টেডিয়ামের প্রথম ওয়ানডে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেমেছিলেন দেশের জার্সিতে ২০০তম ওয়ানডে খেলতে।
অধিনায়কত্ব করার দিক থেকে মাশরাফির জন্য দিনটা ছিল রেকর্ড গড়ার। ৭০তম ওয়ানডেতে অধিনায়কত্ব করে হাবিবুল বাশারকে ছাড়িয়ে গেছেন তিনি। আর সবচেয়ে বড় উপলক্ষ, মাসটা বিজয়ের। দুদিন পরই বিজয় দিবস। এমন সময় বাংলাদেশ দলের বিজয় কেতন ওড়ার দৃশ্য দেখায় অন্যান্য সময়ের চেয়ে বেশি তৃপ্তি মিলবে, সেটা বলাই বাহুল্য।
সিলেট স্টেডিয়ামে যে কোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম জয়। এই মাঠে টি-টোয়েন্টি দিয়ে মিশন শুরু হয় বাংলাদেশের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৫ রানে হার মানে বাংলাদেশ। একমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতাও দুঃসহ স্মৃতি হয়ে আছে। গত মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে হার মানে স্বাগতিক শিবির। প্রিয় ফরম্যাট ওয়ানডে আসতেই সিলেট স্টেডিয়ামের রেকর্ড চলে এলো পক্ষে।
উইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের দিনে ২০১২ সালকেই যেন ফিরিয়ে আনলো বাংলাদেশ। ছয় বছর আগে এই ডিসেম্বরেই ক্যারিবীয়দের বিপক্ষে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর এসে বাংলাদেশের সিরিজ জয়ের ধরনে অনেক পরিবর্তন। সেবার ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের উইন্ডিজের বিপক্ষে আন্ডারডগ হিসেবে সিরিজ জিতেছিল মুশফিকুর রহিমের দল। ছয় বছর মাশরাফির বাংলাদেশ সিরিজ জিতল অনেকটা ঘোষণা দিয়েই।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা উইন্ডিজ সুবিধা করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজার বোলিংয়ের সামনে পরীক্ষাই দিতে হয়েছে তাদের। ব্যতিক্রম ছিলেন কেবল শেই হোপ। দ্বিতীয় ওয়ানডের মতো এ ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপরও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। অন্যদের ব্যর্থতায় ১৯৮ রানেই থামে উইন্ডিজ। জবাবে তামিম ইকবাল ও সৌম্য সরকারের দাপুটে ব্যাটিংয়ে ৬৯ বল হাতে রেখে আট উইকেটের বড় জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল।
লক্ষ্য বড় ছিল না। ৫০ ওভারের ম্যাচে ১৯৯ রান তোলা এ আর এমন কী! তাড়া ছিল না বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাসের। শুরুটা বলছিল, লক্ষ্য মাথায় রেখেই তারা ব্যাটিং করছেন। কিন্তু হঠাৎ চড়াও হতে গিয়ে নিজের উইকেটটি উপহার দিয়ে আসেন ২৩ রান করা লিটন। অবশ্য ৪৫ রানে লিটনকে হারিয়ে বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে।
তিন নম্বরে নামা সৌম্য সরকার নিমেষেই উইকেট হারানোর কথা ভুলিয়ে দেন। দ্বিতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে গড়ে তোলেন ১৩১ রানের জুটি। এ সময় তামিম ঠান্ডা মেজাজে থাকলেও সৌম্য সুযোগ বুঝে মাঝে মাঝে তাণ্ডব চালিয়েছেন। এই জুটিতেই জয়ের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের তখন দরকার ২৩, এমন সময় আউট হন সৌম্য। ফেরার আগে ৮১ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৮০ রানের দারুণ একটি ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ১০৪ বলে নয়টি চারে ৮১ রানে অপরাজিত থাকেন। উইকেটে গিয়ে তেড়েফুঁড়ে ব্যাটিং করা মুশফিক ১৪ বলে অপরাজিত ১৬ রান করেন। বাংলাদেশের যাওয়া দুটি উইকেটই নেন উইন্ডিজ পেসার কিমো পল।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা উইন্ডিজের শুরুটা ভালো হয়নি। শুরুতেই স্পিন ঘূর্ণিতে দিক হারিয়েছেন চন্দরপল হেমরাজ। দলীয় ১৫ রানের মাথায় বাঁহাতি এই ব্যাটসম্যানকে সাজঘর দেখিয়ে দেন ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং করা মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় উইকেটেও বলার মতো কিছু মেলেনি। সেঞ্চুরিয়ান হোপের সঙ্গে ড্যারেন ব্রাভোকে সাবলীল দেখালেও বাঁহাতি এই ব্যাটসম্যান বেশি পথ পাড়ি দিতে পারেননি। ১০ রান করে ব্রাভোও তরুণ অলরাউন্ডার মিরাজের শিকারে পরিণত হন।
প্রথম দুই উইকেট হারানোর চাপ আর কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। কেবল মিরাজ, সাকিব, মাশরাফির শাসনই হজম করে যেতে হয়েছে তাদের। শেই হোপ এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে ভাঙনের সুর বেজেই গেছে। তাই মাঝে হোপের সঙ্গে মারলন স্যামুয়েলসের করা ৩৯ রানের জুটিই হয়ে যায় উইন্ডিজের ইনিংস সেরা। স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েলরা এদিন কিছুই করতে পারেননি। যে কারণে স্যামুয়েলসের করা ১৯ রানই হয়ে গেছে ক্যারিবীয়দের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
স্রোতের বিপরীতে যা ব্যাটিং করার শেই হোপ একাই করেছেন। দ্বিতীয় ওয়ানডের মতো শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট চালিয়েছেন দুই সেঞ্চুরিতে সিরিজ সেরার পুরস্কার জিতে নেওয়া ডানহাতি এই ব্যাটসম্যান। ১৩১ বলে ৯টি চার ও একটি ছয়ে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যরা সঙ্গ দিতে না পারায় তাদের ইনিংস বড় হয়নি। ২৯ রান খরচায় চার উইকেট নেন মিরাজ। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং। এই বোলিংয়ে প্রথমবারের মতো ওয়ানডের ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মিরাজ। সাকিব ও অধিনায়ক মাশরাফি দুটি করে উইকেট পান। সাইফউদ্দিন নেন একটি উইকেট।
