নির্বাচনের ৭ দিন আগে ব্যালট পৌঁছে যাবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সাত দিন আগেই ৩০০ আসনে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৪ ডিসেম্বর, শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আমরা ব্যালট পেপার ছাপানো শুরু করে দিয়েছি। আশা করছি নির্বাচনের সাত দিন আগেই রিটার্নিং কর্মকর্তাদের কাছে এগুলো পৌঁছে দিতে পারব।’

তিনি বলেন, ‘কিছু নির্বাচনি এলাকার প্রার্থীদের ব্যাপারে হাইকোর্টের আদেশ রয়েছে। আমরা আদালতের আদেশ অনুসারে ব্যালট ছাপানোর চেষ্টা করছি।’

নির্বাচনে ১০ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়ন থাকবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মাঠে নামবে।’