ভিডিও ভাইরাল: দল থেকে বহিষ্কারে পর সেই নারী যা বললেন

রাজধানী ঢাকায় রিকশাচালককে মারধর করে সামাজিক মাধ্যমে ভাইরালও হওয়ার পর নিজের দল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছেন সেই নারী।
১২ ডিসেম্বর, বুধবার ওই নারীনেত্রীকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন তালুকদার।
রিকশাচালককে মারধরের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা-সম্পাদিকা সুইটি আক্তার শিনু একজন রিক্সাচালককে মারধর করছেন।
সুইটিকে দলের কমিটি থেকে বহিষ্কারের পর মকবুল হোসেন বলেন, ‘যে ভিডিওটা ভাইরাল হইছে সেইটা আমরা দেখছি। এরপর তাৎক্ষণিকভাবে সবাই বসে সিদ্ধান্ত হয় তাকে দলের কমিটি থেকে বহিষ্কার করার।’
মকবুল হোসেন জানান, সুইটি এক-দেড় বছর আগে এই কমিটিতে যুক্ত হন। তিনি স্থানীয় একজন এমপির শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কমিটির সদস্য।
যে ভিডিওটি ভাইরাল সেই ঘটনাটি ঘটেছে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায়।
কী বলছেন সুইটি?
ঘটনার বিষয়ে সুইটি বলেন, ‘ওই ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত। আমি একদম সরি, যেহেতু আমার ভুল হয়ে গেছে। আমার এটা করা উচিত হয়নি। আমি স্যরি বলতেছি।’
বহিষ্কারের বিষয়ে সুইটি বলেন, ‘আমার ভুল হইছে। আমার দল ঠিক করেছে।’
ভিডিও ভাইরাল হওয়া সম্পর্কে সুইটি আক্তার বলেন, ‘দলের বাইরের কিছু লোক ভিডিও করে অপব্যবহার করছে। এই ইলেকশনকে কেন্দ্র করে এইগুলা করতেছে। বেশি আমাদের বিপক্ষের লোকগুলা লেখালেখি করতেছে।’
কেন মারধর করলেন তিনি?
সামাজিক মাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওতে যেটুকু দেখা গেছে তার আগে কিছু ঘটনা ঘটেছে তা লোকজনের নজরে আসেনি বলেও তিনি দাবি করেন।
সুইটি বলেন, ‘বাসায় বাচ্চা আছে এবং চুলায় রান্না চাপানো আছে- এটা বলার পরও রিকশাচালক তার কথা না শুনে ধীরে ধীরে চালাচ্ছিলেন এবং ভাঙা জায়গা দিয়ে রিকশা চালাচ্ছিলেন।’
এরপর ‘রিকশা থেকে পড়ে যান’ বলেও উল্লেখ করেন সুইটি। তিনি তো চাইলে অন্য রিকশায় উঠে যেতে পারতেন, সে প্রশ্ন করা হলে সুইটি স্বীকার করেন, ‘এমনটা করা হয়নি।’
এই ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে পারিবারিক এবং সামাজিকভাবে তিনি লজ্জার মুখে পড়েছেন’ বলেও জানান সুইটি। সুইটি বলেন, ‘আপনাকে বলে বোঝাতে পারবো না গতকাল (মঙ্গলবার) থেকে আমি কিসের মধ্যে আছি।’
ভিডিওতে কী আছে?
রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিকশার সিটে আরোহী একজন নারী। যিনি স্বজোরে চিৎকার করছেন আর মারছেন সামনে দাঁড়িয়ে থাকা রিকশা চালককে। লোকজন জড়ো হয়ে গেছে আশেপাশে। এমন একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
সামাজিক মিডিয়ায় অনেকেই শেয়ার করেন ভিডিওটি। তাতে দেখা যায়, সালোয়ার কামিজ পরা রিকশারোহী ওই মহিলা রিকশাওয়ালাকে ‘তুই’ সম্বোধন করে কথা বলছেন।
ভিডিওটি যেখানে শুরু হয় সেখানে দেখা যায় রিকশাটি রাস্তার ধারে থেমে আছে এবং মারমুখী ভঙ্গিতে থাকা ওই নারীটি রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলছেন, ‘তোরে আমি নিয়া ছাড়মু তুই যাবি…।’ এ সময় রিকশাওয়ালা কিছু বলে উঠলে ওই নারীটি বলেন, ‘তোর ভাড়ার গুষ্টি কিলাই, তোকে ডাবল (দ্বিগুণ) ভাড়া দিবো, তুই যাবি।’
এই ঘটনা দেখে দাঁড়িয়েথাকা উৎসুক জনতার মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি করেন। পরবর্তীতে সেটাই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালাকে ক্যামেরার নজরে না এলেও সে যে এ ক্ষেত্রে তার অপারগতা জানাচ্ছিল, সেটা বোঝা যাচ্ছিল। কারণ এরপরই ওই নারী রিকশা থেকে নেমে পড়েন এবং রিকশাওয়ালাকে মারতে তার দিকে এগিয়ে যান। তখন তিনি রিকশাটি চালাতে বলতে থাকেন এভাবে, ‘যা চালা। চালা…চালা…।’
এরপর দ্রুত তিনি আবার উঠে বসেন রিকশায়। কিন্তু রিকশাওয়ালা তখন রাস্তায় জড়ো হয়ে যাওয়া লোকজনের দিকে তাকিয়ে বলতে থাকেন, ‘উনি বলতেছে তাড়াহুড়া কইরা চালাইতে…।’ তার কথার মাঝে ওই নারীটি বলে ওঠেন, ‘তোরে কী বলছি? আমি বলছি ভাই জোরে চালাও, তুই কী করলি ভাঙাচুরাতে রিকশা…’এ পর্যন্ত বলেই তিনি রিকশাওয়ালাকে আবার মারতে শুরু করেন।