
দেশবাংলা ডেস্ক
রাজধানী ঢাকায় সোমবার (৩ আগস্ট) সকালে ১৮ মিলিমিটার বৃষ্টি হওয়ার পরেও গরমে ঝলসে যাচ্ছে শরীর।আবহাওয়া অধিদফতর বলছে— বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কম থাকলেও ‘ফিল লাইক’ (যতটা গরম না ততটাই অনুভব করা) আরও দেড় মাস বেশি হবে।আবহাওয়াবিদরা বলছেন, তিন কারণে এইরকম গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, রবিবার দেশে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সেটি এই সময়ে স্বাভাবিক বলা যাবে না। কারণ, গত ৩০ বছরের এই দিনের হিসাব গড় করলে তাপমাত্রা হওয়ার কথা ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, রবিবার স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। এর কারণ উল্লেখ করতে গিয়ে আবহাওয়া অফিস জানায়— বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বাতাসের গতিবেগ কম, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে একেবারেই ফাঁক না থাকা, দীর্ঘ সময় ধরে সূর্যের তাপ ভূ-পৃষ্ঠে পড়ার কারণে গরম যতটা না— ততটা অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন,রবিবার (২ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ এর সামান্য বেশি, সর্বনিম্ন তাপমাত্রা ২৭। পার্থক্য ১০ ডিগ্রির কম থাকলে এরকম অস্বস্তি অনুভব হওয়ার কথা।
তিনি আরও বলেন,সেপ্টেম্বরের শেষের দিকে সূর্যের দক্ষিণায়ন শুরু হলে এই অস্বস্তি দূর হতে শুরু করবে। এসময় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা যা-ই থাকুক গরমের ফিলিংস বেশি হবে। গতকাল রবিবার বাতাসে জলীয় বাষ্প ছিল ৯৫, বিকাল সেটা ছিল ৮৮। আজকেও পরিমাণটি সেরকমেরই।
